নোয়াখালীতে পৃথক সহিংস ঘটনায় আহত ৮, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ও মুছাপুর ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ওপর পৃথক হামলা ও চর কাঁকড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গত রোববার রাতে এসব হামলার ঘটনা ঘটে।
এসব ঘটনায় কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে অন্তত আটজনকে। এর মধ্যে গুরুতর আহত মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (২২), চর এলাহীর ইউনিয়ন ছাত্রদলের দক্ষিণ শাখা সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ওরফে মাসুদ (২৪) ও তাঁর ভাই যুবদলের একই শাখার সভাপতি সিরাজুল হক ওরফে বাবুলকে (৩৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল কর্মী চর এলাহী ইউনিয়নের গাংচিল বাজারে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এ সময় স্থানীয় বিএনপির কর্মী আমিনুল হক ও তাঁর ভাই সিরাজুল হককে কুপিয়ে আহত করে।
এর আগে রোববার বিকেলে গাংচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী মাইক ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মীরা। একই রাত নয়টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আওয়ামী লীগের কয়েকজন কর্মী মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে মুন্নার ওপর হামলা চালান। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
এর আগে রাত সাড়ে আটটার দিকে উপজেলার চর কাঁকরা ইউনিয়নের একতা বাজারে মোটরসাইকেলযোগে একদল যুবক এসে বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায়। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন।
এদিকে, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কবিরহাট উপজেলার শ্রীনদ্দির নাছিরের টেক এলাকার বিএনপির সমর্থক অজিউল্লা ড্রাইভারের বাড়িতে হামলা-ভাঙচুর চালান স্থানীয় আওয়ামী লীগের একদল কর্মী। এ সময় হামলায় নুর নবী (৪০) নামের বিএনপি এক কর্মী আহত হন।
জানতে চাইলে কোম্পানীগঞ্জের হামলার ঘটনা নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
অপরদিকে, কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম বলেন, পোস্টার ছেঁড়া নিয়ে দুই পক্ষে কথা-কাটাকাটি হয়েছে। কারও বাড়িতে হামলার কোনো অভিযোগ কেউ করেনি।