নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার উত্তর ওয়াপদা ও মন্নাননগর এলাকায় গত মঙ্গলবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নূর নবী (৫০), মো. আজাদ (২৭), বেলাল হোসেন (৩০) ও জাহিদ হোসেন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার সোনাপুর-চরজব্বার সড়কের মন্নাননগর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই নূর নবী ও আজাদ নিহত হন। আহত হন অটোরিকশার চারজন যাত্রী। অন্যদিকে চরজব্বার থেকে আসার পথে নির্মাশ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যান রাত ১০টার দিকে উত্তর ওয়াপদা এলাকায় সড়কের পাশের খালে উল্টে পড়ে যায়। এ ঘটনায় আহত শ্রমিক বেলাল হোসেন ও জাহিদ হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত হন আরও প্রায় ২৬ জন শ্রমিক।