নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। সন্ধ্যা ছয়টার দিকে সেনবাগের ফতেহপুর মাদ্রাসার সামনে এবং রাত আটটার দিকে বেগমগঞ্জের গাবুয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুর রবের মেয়ে ফাতেমা ইয়াছমিন (৩৬), একই উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. নয়ন (৩০) এবং অজ্ঞাতনামা ব্যক্তি (২৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফতেহপুর নামক স্থানে চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির বাস যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে এটি ছিটকে পড়ে উল্টে যায়। এ ঘটনায় নয়ন ও অজ্ঞাতনামা এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।অন্যদিকে বেগমগঞ্জের গাবুয়া নামক স্থানে রাত আটটার দিকে মাইজদী-চৌমুহনী সড়কে অকেজো হয়ে পড়া একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে যাত্রী ফাতেমা ইয়াছমিন অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।