নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সোনাইমুড়ীতে দুজন ও বেগমগঞ্জে একজন মারা যান। সোনাইমুড়ীতে আহত হয়েছেন আরও চারজন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের নদনা ব্রিজের কাছে রামগঞ্জ অভিমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনাইমুড়ীর নদনা ইউনিয়নের শাকতলা গ্রামের মো. সোহেল (২৪) ও আমকি গ্রামের মো. কিরন (৩৮) মারা যান। দুর্ঘটনায় আহত হন অটোরিকশার চালকসহ আরও চারজন। তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ওই স্থানে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে, সকাল সোয়া ১০টার দিকে চৌমুহনী চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সঞ্চৃতিস্তম্ভের পাদদেশে দাঁড়িয়ে যানবাহনে প্রচারপত্র বিলি করার সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. নূর আলম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।