নোয়াখালীতে প্রতারণার অভিযোগে দুজন গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জার্মান দূতাবাসের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গত রোববার রাতে দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। তাঁরা হলেন: বরিশাল সদর থানার এমদাদুল হকের ছেলে মো. আবদুল্লাহ (২৮) ও তাঁর সহযোগী এক নারী। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ইউছুফের বড় ছেলে ফরিদ উদ্দিন নরওয়েপ্রবাসী। এরই সূত্র ধরে ওই দুজন রোববার রাত ১০টার দিকে ফরিদদের বাড়িতে যান। তাঁরা নিজেদের জার্মান দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফরিদ সম্পর্কে খোঁজখবর নেন। নরওয়েতে ফরিদের অবস্থান বৈধ করতে ঠিকানা নিশ্চিত হতেই তাঁরা এসেছেন বলে জানান। কাজ শেষে ফেরার সময় ফরিদের ছোট ভাই নাছির উদ্দিন ভালোভাবে সবকিছু করে দিতে তাঁদের ১০ হাজার টাকা দেন। এ সময় তাঁরা এ কাজে দুই লাখ টাকা দাবি করেন। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে নরওয়েতে যোগাযোগ করলে ফরিদ জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। এমন কিছু হওয়ারও কথা নয়। পরিবারের সদস্যরা তখন প্রতিবেশীদের ঘটনাটি জানান। পরে স্থানীয় লোকজন আবদুল্লাহ ও তাঁর সহযোগীর দূতাবাসের কর্মকর্তার প্রমাণ ও পরিচয়পত্র চান। সেগুলো দেখাতে ব্যর্থ হলে তাঁদের আটক করেন এলাকাবাসী। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী গতকাল সন্ধ্যায় জানান, আটক দুজন নিজেদের পরিচয় প্রমাণ করতে পারেননি। ফরিদের ভাই নাছির তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। গতকালই তাঁদের আদালতে পাঠানো হয়।