নোয়াখালীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় জামায়াতের আগুন
নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রায় ছয় হাজার কপি পুড়িয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে জেলার সেনবাগ উপজেলার ছমিরমুন্সীরহাট বাজারে এ ঘটনা ঘটে।সকাল সাড়ে আটটার দিকে একই উপজেলার সেবারহাট এলাকায় ঢাকা থেকে আসা ইত্তেফাক, যুগান্তর, সমকাল, কালের কণ্ঠসহ কয়েকটি পত্রিকা গাড়ি থেকে ছিনিয়ে নেন জামায়াত-শিবিরের কর্মীরা।এর আগে একই গাড়ি থেকে ফেনীর দাগনভূঞা এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমার দেশ, নয়া দিগন্ত ও সংগ্রাম পত্রিকার সব কপি ছিনিয়ে নেন বলে সংশ্লিষ্ট এলাকার সংবাদপত্র পরিবেশকেরা জানিয়েছেন।অন্যদিকে সকাল আটটার দিকে কুমিল্লার নাথের পেটুয়া এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী সংবাদপত্রের গাড়ি থেকে প্রথম আলো, ডেইলি স্টারসহ সব পত্রিকা জামায়াত-শিবিরের কর্মীরা নিয়ে অগ্নিসংযোগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল নোয়াখালী ও লক্ষ্মীপুরের হাজার হাজার পাঠক পত্রিকা পড়া থেকে বঞ্চিত হলেন।নোয়াখালীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, সংবাদপত্রের গাড়ি আটকের খবর শুনে সংশ্লিষ্ট থানার পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে পত্রিকা পোড়ানোর বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।