১৮-দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবার রাজধানীর পল্লবীতে সময় টেলিভিশনের দুই সাংবাদিককে এবং বগুড়ার ধুনটে প্রথম আলোর এজেন্ট সঞ্জয় কুমার সাহাকে (২৫) মারধর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া চাঁদপুর শহরে সময় ও এসএ টিভির দুই সাংবাদিককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। হামলা করা হয়েছে আরও দুই স্থানীয় সাংবাদিকের ওপর। নোয়াখালীর বেগমগঞ্জে পত্রিকাবাহী গাড়িতে অবরোধকারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সকাল সোয়া সাতটার দিকে রাজধানীর পল্লবীর কালসি রোডে ককটেল বিস্ফোরণের ভিডিও চিত্র ধারণকালে সময় টেলিভিশনের প্রতিবেদক জাফর সাদিক ও ক্যামেরাম্যান পাভেলকে মারধর করে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাঁদের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলে। তাঁদের সহকর্মীরা অভিযোগ করেন, স্থানীয় যুবলীগের নেতারা এই হামলা চালিয়েছে। এতে তাঁদের নাক ও গলায় জখম হয়েছে।
অবশ্য পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন প্রথম আলোকে বলেন, পিকেটার ডেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্দেহ করে জাফর সাদিক ও পাভেলকে স্থানীয় লোকজন মারধর করেছে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার যুবক রোকনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ধুনট (বগুড়া): উপজেলায় প্রথম আলোর এজেন্ট সঞ্জয় কুমার গতকাল সকাল নয়টার দিকে শেরপুর থেকে মোটরসাইকেলে পত্রিকা নিয়ে ধুনটে আসার পথে ভরনশাহী গ্রামের কাছে অবরোধকারীদের কবলে পড়েন। এ সময় জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা পথরোধ করে তাঁকে পিটিয়ে আহত করেন। সঞ্জয় কুমার বলেন, অবরোধকারীরা তাঁকে মারধরের পর মোটরসাইকেলটিও ভাঙচুর করেন।
উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনা ঘটেছে। তাঁর চিকিৎসা ও মোটরসাইকেল মেরামতের ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছি।’
চাঁদপুর: শহরের সড়ক ও জনপথ ভবনের সামনে বেলা সাড়ে ১১টার দিকে সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ ও এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি জি এম শাহীনকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি মাত্র দুই হাত দূরে বিস্ফোরিত হয়।
এর আগে মঙ্গলবার চাঁদপুরে স্থানীয় আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন ও স্থানীয় সাংবাদিক ইলিয়াছ খানের ওপর হামলা চালান ১৮-দলীয় জোটের কর্মীরা।
নোয়াখালী: বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তার কাছে চৌমুহনী-মাইজদী সড়কের কন্ট্রাক্টর পোল এলাকায় গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে সংবাদপত্রবাহী ওই মাইক্রোবাসটি বেগমগঞ্জের কন্ট্রাক্টর পোল এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। পত্রিকার গাড়ি অবরোধের আওতামুক্ত বলে চালক তাঁদের যেতে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাঁরা উল্টো গাড়িতে আগুন দেওয়ার হুমকি দিলে গাড়িটি ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়। ফলে গতকাল নোয়াখালী জেলা শহর, সুবর্ণচর, হাতিয়া ও বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ এলাকার পাঠকেরা প্রথম আলো পাননি। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, বিষয়টি তাঁকে কেউ জানায়নি। জানালে গাড়িটি গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা যেত।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, ঘটনাটি তাঁর জানা ছিল না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত তিনটি হরতালেও জেলার বিভিন্ন স্থানে সংবাদপত্রবাহী গাড়িতে ভাঙচুর করা হয়।
ডিইউজের নিন্দা: অবরোধ কর্মসূচিতে গত মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর বোমা হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির আয়োজনে প্রতিবাদ সমাবেশ থেকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।