নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের বীরনায়ানপুর গ্রামের প্রবাসীর বাড়িতে গত বুধবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।এ সময় ডাকাতেরা ভবনের ফটক কেটে দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের সবাইকে বেঁধে স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় চার লাখ টাকার সম্পদ লুট করে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে ওই গ্রামের সৌদিপ্রবাসী আবু নাছেরের বাড়িতে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা এ সময় পাকা ভবনের প্রধান ফটক কেটে এবং দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে।এরপর ডাকাতেরা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে স্টিলের আলমারি ও অন্যান্য আসবাবের তালা ভেঙে প্রায় সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় চার লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এ ছাড়া একই রাতে পার্শ্ববর্তী কাজিরখিল গ্রামের হাফিজ উল্লা ও মজিফ উল্লার বাড়ির দরজা ভেঙে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী। ওসি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি গতকাল সকালে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার পরামর্শ দিয়ে আসেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করতে আসেননি।