নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার গ্রাম থেকে তাছলিমা আক্তার (১৯) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সকালে চরজব্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত তাছলিমা উপজেলার চরজব্বার ইউনিয়নের চরজব্বার গ্রামের মৃত আবুল খায়েরের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর তিন মাস আগে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরওয়াপদা গ্রামের আবদুল আলিমের ছেলে মো. আরমানের সঙ্গে তাছলিমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী সৌদি আরব চলে যান।শুক্রবার বিকেলে তাছলিমা শাশুড়ির অনুমতি না নিয়ে বাপের বাড়িতে চলে আসেন। রাতে স্বামী বিদেশ থেকে ফোন করে এ নিয়ে তাছলিমার সঙ্গে রাগারাগী করেন। এরপর তাছলিমাসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক তিনটার দিকে ঘুম ভাঙলে মেয়েকে পাশে না দেখে তাছলিমার মা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পাশের ঘরে গিয়ে ঘরের আঁড়ার সঙ্গে তাছলিমাকে ঝুলতে দেখে চিৎকার দেন। এ সময় বাড়ির অন্য লোকজন এসে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মৃত অবস্থায় পান।