নোয়াখালীর সেনবাগে অপ্রাপ্তবয়স্ক দুই স্কুলছাত্রীর বিয়ের পৃথক দুটি ঘটনায় এক বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বর-কনেদের পাঁচজন অভিভাবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পাশা গতকাল রোববার সকালে তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে জেল-জরিমানার এ আদেশ দেন।ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার লেমুয়া গ্রামের হাসানুুজ্জামানের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী আফরোজা বেগমকে (১৪) গত ৭ এপ্রিল কাবিন ছাড়াই গোপনে বিয়ে দেন অভিভাবকেরা। আফরোজা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।এ খবর পেয়ে ইউএনও বর ছাতারপাইয়া ইউনিয়নের ঠনাপাড় গ্রামের শাহদাত হোসেন (২৮) ও তাঁর মা শামছুন্নাহার এবং কনের বাবা-মাকে গতকাল বেলা ১১টায় তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। এরপর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড এবং বরের মা শামছুন্নাহার, কনের বাবা হাসানুজ্জামান ও মা জরিফা খাতুনকে এক হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। শাহদাতকে কারাগারে পাঠানো হয়েছে।অন্যদিকে উপজেলার জোড়তুলা গ্রামের আলী হোসেনের মেয়ে ডমুরুয়া বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারকে (১৬) গত ২১ নভেম্বর অভিভাবকেরা গোপনে তার ফুপাতো ভাই মাসুদুর রহমানের সঙ্গে বিয়ে দেন। এ ঘটনায় ইউএনও গতকাল কনের বাবা আলী হোসেন ও মা ফিরোজা বেগমকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। ইউএনও আনোয়ার পাশা জানান, উভয় কনেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সংসার না করার এবং বাবা-মায়ের জিম্মায় থাকার আদেশ দেওয়া হয়েছে।