নোয়াখালীতে বর্ণমালা উৎসব

প্রথম আলোর নোয়াখালী বন্ধুসভা আয়োজিত বর্ণমালা উৎসব-২০১৭ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী শহরের এম এ রশিদ বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজন করা হয় এই বর্ণমালা উৎসবের। এটি ছিল নোয়াখালী বন্ধুসভার চতুর্থ আয়োজন।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উৎসবের প্রধান অতিথি নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন ভূঁইয়া। বর্ণমালা উৎসবের পতাকা উত্তোলন করেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শহরের ১০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় ৩০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।
বিদ্যালয়ের মিলনায়তনে ছিল বর্ণ প্রদর্শনী। এ ছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ আমানত হোসেন।
বাংলা বর্ণের বিদ্রোহী বর্ণ কী কী? আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছে, তবু অনেক মানুষ অন্য ভাষায় কথা বলে কেন?—এ রকম নানা মজার মজার প্রশ্ন করে তাৎক্ষণিক পুরস্কার জিতে নেয় খুদে শিক্ষার্থীরা।
খুদে শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্য ইমাম হোসেনের সংগীত পরিবেশনা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৈরি করা প্রামাণ্যচিত্র অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বিজয়ী ৩৫ জন শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার দেওয়া হয়। এই পর্বে বক্তব্য দেন প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক হোসনা আক্তার, জ্যেষ্ঠ শিক্ষক লোকমান হোসেন চৌধুরী, প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান, বন্ধুসভার সভাপতি শেখ আবদুল্লাহ। সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক হাছান সবুজ ও জামিল জাকারিয়া।