নোয়াখালীতে বসতঘরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের একটি বাড়ির বসতঘর থেকে সামছুল হুদা (৩০) ও জান্নাতুল ফেরদাউস (১৯) নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে। এর মধ্যে সামছুল হুদা ওই গ্রামের আবুল হাসেমের ছেলে এবং জান্নাতুল ফেরদাউস পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চর কালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। লাশ দুটি উদ্ধারের পর দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে সামছুল হুদা ও জান্নাতুল ফেরদাউসের বিয়ে হয়। সামছুল হুদা পেশায় চট্টগ্রামের টাইল্স মিস্ত্রী। শুক্রবার রাতে তিনি চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি আসেন। রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রীকে ঘুমিয়ে পড়তে দেখেন তাঁর সত্তরোর্ধ্ব মা কমলা বেগম। তিনিও শ্বাসকষ্টের রোগী। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদও তাঁরা স্বামী-স্ত্রী ঘুম থেকে উঠছে না দেখে মা কমলা বেগম তাঁদের ডাকাডাকি করেন। একপর্যায়ে তিনি ছেলের কক্ষে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে তাঁর লাশ ঝুলছে। আর খাটের ওপর পুত্রবধূর লাশ পড়ে আছে। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এলে ঘটনা জানাজানি হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে স্বামী ও খাটের ওপর থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে।গৃহকর্তী কমলা বেগম বলেন, ‘ছেলে আর বউ খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এরপর তাঁদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে কি না, তা-ও তিনি বুঝতে পারেননি।’ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, স্বামীর লাশ ঝুলন্ত এবং স্ত্রীর লাশ খাটের ওপর পাওয়া গেছে। স্ত্রীর নাক-মুখ দিয়ে লালা বের হতে দেখা গেছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, আগে স্ত্রীর মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ না পাওয়ায় অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।