নোয়াখালীতে বাজারে অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চনবাজারে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে খুলিল উল্লার জ্বালানি তেলের দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা শহর মাইজদী থেকে রাত আড়াইটার দিকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই আগুনে বাজারের মুদি, ওষুধ, ধান-চালের আড়ত, জুয়েলারি দোকানসহ ১৪টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্থ দোকানমালিক মো. আলাউদ্দিন ও হেদায়েত উল্লা প্রথম আলোকে বলেন, গভীর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। তাঁদের দাবি, আগুনে পুড়ে যাওয়া দোকানঘরসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।