নোয়াখালীতে বাজারে আগুন, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের জের ধরে মুহুরীগঞ্জ বাজারের দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত এই তাণ্ডব চলে।
উদ্ভূত পরিস্থিতিতে মুহুরীগঞ্জ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। হামলা-সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয় গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

দেওটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন শাকিল জানান, ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজার থেকে নান্দিয়াপাড়া বাজার পর্যন্ত স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কাছ থেকে এত দিন পাঁচ টাকা করে ভাড়া আদায় করা হতো। কিন্তু কয়েক দিন আগে অটোরিকশার চালকেরা ভাড়া বাড়িয়ে ১০ টাকা করেন। এ নিয়ে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় শুরুলী ও দেওটি গ্রামের বাসিন্দাদের মধ্যে বাদানুবাদ ও সামান্য মারামারির ঘটনা ঘটে।

এর জের ধরে আজ সকাল সাতটার দিকে দুই গ্রামের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে বাজারে ওঠেন এবং পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজনের ১৬টি দোকানে অগ্নিসংযোগ ও অন্তত ২০টির বেশি দোকানে হামলা-ভাঙচুর লুটপাট চালায়। আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস এবং পুলিশের সকাল ১০টা পর্যন্ত সময় লেগে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তুচ্ছ একটি ঘটনার জের ধরে দুই গ্রামের বাসিন্দারা বাজারে যে তাণ্ডব চালিয়েছে, এতে বাধ্য হয়ে ওই পদক্ষেপ নিতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বেশ কিছু পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। একই সঙ্গে আজ বিকেল চারটায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানান ইউএনও।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।