নোয়াখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
নোয়াখালী সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজ সোমবার দুজন নিহত হয়েছেন। সোনাপুর-সুবর্ণচর সড়কের সমিতিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুবর্ণচরের চরজব্বারের মুক্তিপদ মজুমদার (৪০) ও কোম্পানীগঞ্জের মুছাপুরের মো. ফারুক (৪৫)। তাঁরা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে সুবর্ণচরের চরজব্বারের দিক থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে সমিতিরবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তিপদর মৃত্যু হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান ফারুক।
সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে গাড়ি দুটি পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।