নোয়াখালীতে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের কালিকাপুর এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হয়।নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (২৫), সালেহ আহমদ (৪০), নার্গিস বেগম (২০), মো. ইয়াছিন (২৬) ও অটোরিকশাচালক শাহদাত হোসেন (২৮)। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, কালিকাপুরে দুপুর সাড়ে বারোটার দিকে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। গুরুতর আহত ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শাহদাত নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ছাড়া আহত আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি ভাঙচুর এবং সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।