নোয়াখালীতে বাস পানিতে, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে বলাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ছয়জন নিহত হয়েছে। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে বলাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ছয়জন নিহত হয়েছে। ছবি: প্রথম আলো

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজের সামনে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পার্শ্ববর্তী বড় খালে পড়ে যায়। এতে একই পরিবারের তিনজনসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে চাটখিল-সোনাইমুড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল।
নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। নিহত ব্যক্তিরা হলেন রামগঞ্জের জয়দেবপুর গ্রামের শিরিন আক্তার (২৮) ও তাঁর ছেলে মো. শাহেদ (১২) ও মেয়ে কোহিনূর বেগম। শিরিনের স্বামীর নাম কবির হোসেন। এ ছাড়া নিহত অন্য দুজন হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মো. খোকন (৩৫) ও রামগঞ্জের চিলকা গ্রামের নূরুল হক (৪৫)।
সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে নোয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরিফ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস থেকে এ পর্যন্ত দুই শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারপ্রক্রিয়া এখনো চলছে। বাসটি পানি থেকে তোলা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় জয়াগ ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উল্লাহ বলেন, তিনি নিজে দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করতে দেখেছেন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী বদিউর রহমান তাঁকে জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। বাসটির বেশির ভাগ অংশ পানিতে ডুবে গেছে।