নোয়াখালীতে বাসচাপায় শিশুর মৃত্যু, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপানিয়া বাজারে নোয়াখালী-কুমিল্লা সড়কে গতকাল শনিবার বিকেল চারটার দিকে বাসের চাপায় মো. সাগর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী ওই সড়ক দুই ঘণ্টা অবরোধ করে। তারা দুটি বাস ও একটি পিকআপ ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর রাস্তা পার হওয়ার জন্য মায়ের সঙ্গে সড়কের পাশে অপেক্ষা করছিল। এ সময় কুমিল্লা থেকে নোয়াখালীর সোনাপুরগামী উপকূল এক্সপ্রেস সার্ভিসের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে মায়ের চোখের সামনেই ঘটনাস্থলে সাগরের মৃত্যু হয়। নিহত সাগরের বাবা মীর আলীপুর গ্রামের দেলোয়ার হোসেন। এ ঘটনায় মীর আলীপুর, নরোত্তমপুর, রসুলপুরসহ আশপাশের গ্রামের বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে আপানিয়া বাজারে গতিরোধক স্থাপনের দাবিতে কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা উপকূল এক্সপ্রেসের দুটি বাস ও একটি পিকআপ ভাঙচুর করে। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা দুই ঘণ্টার অবরোধে সড়কে তীব্র যানজট হয়। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। পুলিশ বাসটি আটক করেছে; তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।