নোয়াখালীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত সড়ক অবরোধ
নোয়াখালীর সোনাপুর-সুবর্ণচর সড়কের আবদুল্যামিয়ারহাট এলাকায় গতকাল সোমবার সকালে বাসচাপায় মো. রিয়াদ (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাছের গুঁড়ি ফেলে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। রিয়াদ স্থানীয় নেয়াজিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সে সুবর্ণপুর উপজেলার পূর্ব চরজব্বার গ্রামের আবদুল করিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে যাওয়ার জন্য রিয়াদ রাস্তা পার হচ্ছিল। এ সময় স্টিমারঘাট থেকে সোনাপুরগামী সুবর্ণ এক্সপ্রেসের দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ঘটনায় স্থানীয় ক্ষুব্ধ লোকজন ওই সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে চরজব্বার থানার পুলিশ গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী প্রথম আলোকে বলেন, রাস্তা কিছুক্ষণ বন্ধ ছিল। রিয়াদের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।