নোয়াখালীতে বাসচাপায় ৩ অটোরিকশাযাত্রী নিহত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জনদপুর পোলের গোড়া এলাকায় সোনাইমুড়ী-চাটখিল সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
নিহত তিন যাত্রী হলেন সোনাইমুড়ীর জয়াগ গ্রামের ‘জয়াগ ব্রিকস ফিল্ডের’ মালিক মিজানুর রহমান (৫০), নদনা গ্রামের মো. সুমন (৩৮) এবং পাঁচগাঁও গ্রামের বাংলাবাজার এলাকার মো. এমরান (৩২)। তবে আহত দুজনের নাম জানা যায়নি। নিহত সুমন ও এমরান স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এ ঘটনার পর স্থানীয় ক্ষুুব্ধ বাসিন্দারা সোনাইমুড়ী-চাটখিল সড়ক অবরোধ করেন এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ আছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চাটখিল থেকে সোনাইমুড়ীর জয়াগ অভিমুখী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক হতে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী ও চালকসহ পাঁচজন মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সোনাইমুড়ীর বজরা এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনজন মারা যান।
জয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা জনদপুর এলাকায় সড়ক অবরোধ করেন। তাঁরা এ সড়কে চলাচলকারী বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দাদের দেওয়া সড়ক অবরোধ সরানোর চেষ্টা করছে বলে জানান তিনি।