নোয়াখালীতে বাসদের বিক্ষোভ ও মানববন্ধন
আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে নোয়াখালীতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটায় বাসদ জেলা শাখার নেতা-কর্মীরা শহরের টাউনহল মোড়ে মানববন্ধন করেন। এ সময় দলীয় কর্মী-সমর্থকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে শামিল হন। বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলা মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা শাখার আহ্বায়ক মতিনউদ্দিন আহমেদ। সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা শাখার সদস্য মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, বাসদ জেলা কমিটির সদস্য কমরেড মাসুদ রেজা প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং লোডশেডিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।