নোয়াখালীতে বাসদের মানববন্ধন
নোয়াখালীতে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা-ভাঙচুর, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বাসদের উদ্যোগে শহরের টাউনহল মোড়ে এই কর্মসূচি পালিত হয়।সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বাসদ, মহিলা ফোরাম, ছাত্র ফ্রন্ট, সাংবাদিক, ক্ষতিগ্রস্ত পরিবারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মতিন উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলার সদস্যসচিব দলিলের রহমান দুলাল, সদস্য তারকেশ্বর দেবনাথ নান্টু, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক জাফর উল্লা বাহার, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য প্রণব আচার্য্য প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। যুদ্ধাপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির তাদের একাত্তরের ভূমিকায় অবতীর্ণ হয়ে গত ২৮ ফেব্রুয়ারি এই পৈশাচিক হামলা চালায়। বক্তারা এ সময় জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা, সারা দেশে সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।