নোয়াখালীতে বাড়ছে অপরাধ তিন মাসে ২২ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। এর মধ্যে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাই ঘটছে বেশি। এসব ঘটনার পাশাপাশি ঘটেছে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনা। এসব অপরাধের সঙ্গে জড়িত অনেকে ধরা না পড়ায় অপরাধ প্রবণতাও বাড়ছে। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত তিন মাসে জেলায় অন্তত ২২টি হত্যাকাণ্ড, তিনটি ছিনতাই, দুটি ডাকাতি, ১৪টি ধর্ষণ এবং নারী নির্যাতনের ১৯১টি ঘটনা ঘটেছে। এর মধ্যে জুলাই ও আগস্ট মাসেই ১৬টি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাজারী অপরাধ প্রবণতা, বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, ‘আইন যত কঠিন হচ্ছে; তার অপপ্রয়োগও তত বেশি হচ্ছে।’ অপরাধীরা গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। পুলিশ সব সময় তৎপর রয়েছে। এ ক্ষেত্রে আসামিদের পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা থাকে।’ সূত্র জানায়, গত ২৯ আগস্ট বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয় নিখোঁজ স্কুলছাত্রী নাহিদা আক্তারের (৮) লাশ। ওই ঘটনায় নাহিদার পরিবার মামলা করলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।২৮ আগস্ট চাটখিল উপজেলা সদরে চোর সন্দেহে পিটুনি খেয়ে পুকুরে ঝাঁপ দিলে টোকাই আলমগীর হোসেন (১৮) সেখানেই সে মারা যায়। এ ঘটনায় হত্যা মামলাও হয়েছে। কিন্তু এখনো ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৭ আগস্ট বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের বারইচতাল গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয় স্থানীয় বাংলাবাজারের নিখোঁজ চায়ের দোকানদার সৌরভ হোসেনের লাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।৬ জুলাই বেগমগঞ্জের করিমপুর গ্রামের রেললাইন-সংলগ্ন পুকুর থেকে বেলাল হোসেন নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলেও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ২৩ জুলাই সেনবাগের ছমিরমুন্সীরহাট-কুতুবেরহাট সড়কের পাশের একটি খেত থেকে মনিরুজ্জামান নামের একজন পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের অজিউল্লার ছেলে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এখানে রাজনৈতিক সংঘাত-সহিংসতা তেমন না থাকলেও সামাজিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় প্রকট। এ কারণে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে।’ মানবাধিকারকর্মী ও আইনজীবী কল্পনা রানী দাস বলেন, ‘আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষ খুবই শঙ্কিত।’