নোয়াখালীতে বিএডিসির সয়াবিন বীজে চারা গজায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ফলনের আশায় নোয়াখালীর অনেক চাষি তাঁদের জমিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) সয়াবিন বীজ কিনে লাগিয়েছিলেন। কিন্তু সেই বীজ থেকে চারা গজায়নি। এতে জমি আবাদ করতে এবং বীজ কিনতে অনেক টাকা খরচ করার পর এখন চারা না গজানোর কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন। বিএডিসির সয়াবিন বীজ নিম্নমানের হওয়ায় এমনটি হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।নোয়াখালীতে সবচেয়ে বেশি সয়াবিন চাষ হয় সদর ও সুবর্ণচর উপজেলায়। এ দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যেসব জমিতে বিএডিসির সয়াবিন বীজ লাগানো হয়েছিল, সেসব জমিতে চারা গজায়নি। বিএডিসির বীজে চারা না হওয়ার পর যেসব কৃষক বাজার থেকে স্থানীয় পর্যায়ে উত্পাদিত বীজ এবং চাঁদপুরের হায়দারগঞ্জের কাঁচা সয়াবিন বীজ এনে জমিতে চাষ করেছেন, তাতে চারা এসেছে।এ দুটি উপজেলার কৃষকেরা জানান, তাঁরা স্থানীয় কৃষক কিংবা বাজারের বীজের প্রতি আগ্রহী ছিলেন না। বিএডিসির বীজের প্রতিই তাঁদের বেশি আস্থা ছিল। তাই কেউ কেউ একবার চারা না গজানোয় দ্বিতীয়বারও বিএডিসির বীজ লাগিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। কৃষকদের অভিযোগ, নিম্নমানের বীজ দিয়ে বিএডিসি তাঁদের পথে বসিয়েছে। তাই তাঁরা সরকারের কাছে এর ক্ষতিপূরণ চান।সদর উপজেলার ভাটিরটেক এলাকার কৃষক ইসমাইল হোসেন বাবুল জানান, তিনি প্রায় ছয় একর ১৬ শতক জমিতে বিএডিসির সয়াবিন বীজ লাগিয়েছিলেন। কিন্তু তাঁর জমির ৮০-৮৫ শতাংশ বীজের চারাই গজায়নি। এতে তাঁর ৩১ হাজার টাকা ক্ষতি হয়েছে।সদর উপজেলার আটকপালিয়া বাজারের বিএডিসির বীজ ডিলার আবদুর রাজ্জাক জানান, তিনি বিএডিসির গুদাম থেকে তিন টন সয়াবিন বীজ এনেছিলেন। ওই বীজ থেকে তিনি তাঁর নিজের দেড় একর জমিতে লাগিয়েছিলেন; কিন্তু সেই বীজ থেকে কোনো চারা গজায়নি।সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা নিবাস দেবনাথ জানান, বিএডিসির সয়াবিন বীজে চারা না গজানোর খবর তিনি কিছু এলাকা থেকে পেয়েছেন। তবে ঠিক কী পরিমাণ এলাকায় এমন সমস্যা হয়েছে বা কতজন কৃষক এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এর কোনো সঠিক হিসাব এখনো তাঁর কাছে নেই।বিএডিসির নোয়াখালী অঞ্চলের উপপরিচালক আনন্দ চন্দ্র দাস বলেন, বৈরী আবহাওয়া, বিশেষ করে ঘন কুয়াশা এবং অধিক লবণাক্ততার কারণে এমন হতে পারে। তা ছাড়া বিএডিসির এসব বীজ গুদাম থেকে বের করার সর্বোচ্চ ২১ দিনের মধ্যে জমিতে লাগাতে হয়। এখানকার কৃষকেরা কমপক্ষে দেড় মাস পর সেই বীজ লাগিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে নোয়াখালীতে ১০ হাজার ১২০ হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর ও সুবর্ণচর উপজেলায়ই চাষের লক্ষ্যমাত্রা নয় হাজার ৮২০ হেক্টর। মৌসুমের শুরুতে বিএডিসি ডিলারদের কাছে ৯৮ টন সয়াবিন বীজ সরবরাহ করে।নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, তিনি বিএডিসির সয়াবিন বীজে সমস্যা হওয়ার কথা শুনেছেন। এ বিষয়ে তাঁরা খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।