নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের ১০ কর্মী-সমর্থক আটক
নোয়াখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলার সুধারাম (সদর), কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের গতকাল মঙ্গলবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এ নিয়ে গত তিন দিনে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৫ জন কর্মী-সমর্থককে আটক করা হয়েছে।জানতে চাইলে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজনকে রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এবং বাকি ব্যক্তিদের অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।