নোয়াখালীতে বিএনপির ক্ষুব্ধ কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সাংসদ মাহবুবউদ্দিন খোকনের গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল ও যানবাহনে হামলা-ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবউদ্দিন খোকনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেট্রল পাম্পের পাশে সমাবেশ করে।
সমাবেশে বিএনপির নেতা দেওয়ান সামছুল আলম, আহছানুল হক, আনিছ আহমেঞ্চদ ও জহির উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা মাহবুবউদ্দিন খোকনের অবিলম্বে মুক্তি দাবি করে বলেন, মুক্তি না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, সন্ধ্যার পর উপজেলা সদরে এবং উপজেলার হালিমা দিঘির পাড় এলাকায় চারটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপভ্যান ও দুটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ করেন ক্ষুব্ধ বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। এতে যানবাহনগুলোর কাচ ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানতে চাইলে বিক্ষোভ সমাবেশের কথা নিশ্চিত করলেও যানবাহন ভাঙচুরের কথা ঠিক নয় বলে দাবি করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল। তিনি বলেন, মিছিলের সময় পুলিশ উপস্থিত থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।