নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের একসঙ্গে মিছিল
অবশেষে নোয়াখালীতে গতকাল সোমবার জেলা বিএনপির দুই পক্ষের নেতা মোহাম্মদ শাহজাহান ও হারুনুর রশীদের নেতৃত্বে ১৮ দলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় শহরের পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান।এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা এ বি এম জাকারিয়া, মাহবুব আলমগীর, আবদুর রহমান, আবু নাছের, সহিদুল ইসলাম, ফিরোজ আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। গত বছরের ৩০ জুন স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের সঙ্গে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশীদের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জের ধরে প্রায় ১৪ মাস এই দুই নেতার অনুসারী দলীয় নেতা-কর্মীরা পৃথকভাবে জাতীয় দিবস এবং দলীয় সব কর্মসূচি পালন করেন।