নোয়াখালীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর 'আ.লীগের' হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল বুধবার বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া চারটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে দল-সমর্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক চলাকালে ২০-২২ জন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকাগুলি করে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব আহম্মেদের অভিযোগ, উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন। হামলায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান ছাড়াও মো. শাহীন, আরমান হোসেনসহ পাঁচ-ছয়জন নেতা-কর্মী আহত হন।

অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রথম আলোকে বলেন, বিএনপি নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নিজেরাই বিভিন্ন ঘটনা ঘটিয়ে তার দোষ আওয়ামী লীগের ওপর ফেলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, সিরাজপুরে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমুল্লা বাজারে সাত-আটজন যুবক মোটরসাইকেলযোগে এসে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক বেলাল হোসেনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, করমুল্লা বাজারে বিএনপি নেতার ওপর হামলার ঘটনার বিষয়টি জানা নেই। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেননি।