নোয়াখালীতে বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সহিদউল্লাকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে পূর্ব এওজবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সহিদউল্লা ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ইউপি সদস্য সহিদউল্লা পার্শ্ববর্তী মান্নাননগর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাড়ির ঢোকার সময় আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, পিঠে ও হাতে কোপ দিয়ে পালিয়ে যায়।এ সময় সহিদউল্লার চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই জাকির হোসেন জানান, তাঁরাও বুঝতে পারছেন না, কারা কেন, কী কারণে তাঁর ভাইকে এভাবে নৃশংসভাবে হত্যা করল। সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ইউপি সদস্য সহিদউল্লা তাঁদের দলের ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনাটি রাজনৈতিক না হলেও এ ধরনের ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের হাত থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান।মারামারিতে আহত ইউপি সদস্যের মৃত্যু: একই উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত সদস্য শমসের আলী ওরফে টুটুলের সঙ্গে পূর্ববিরোধ নিয়ে একই ওয়ার্ডের চৌকিদার মো. ইব্রাহিমদের মারামারি হয়। এতে শমসের আলী ও ইব্রাহিমসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত শমসের আলী ও ইব্রাহিমকে নোয়াখালী শহরের প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে শমসের আলী (৩৩) মারা যান। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ গতকাল সোমবার হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে এবং চৌকিদার ইব্রাহিমকে আটক করে। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) বাদল সরকার।