নোয়াখালীতে বিএনপির প্রার্থীকে সভা করতে দেয়নি প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল শনিবার বিকেলে নোয়াখালী পৌরসভার নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হারুনুর রশীদকে পথসভা করতে দেয়নি স্থানীয় প্রশাসন। এ সময় তাঁর তিন সমর্থককে আটক করা হয়। তবে বিএনপির নেতারা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেন।মেয়র পদপ্রার্থী হারুনুর রশীদ অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পথসভার আয়োজন করা হয়। কিন্তু বিকেল পৌনে পাঁচটার দিকে পথসভা শুরুর আগমুহূর্তে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সভাস্থলে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সভা করতে নিষেধ করে। ফলে তাঁরা পথসভা করতে পারেননি। আবার সভাস্থল ত্যাগ করার সময় পুলিশ তাঁদের তিন সমর্থক আকরাম হোসেন, সফিকুল ইসলাম ও মো. মনিরকে আটক করে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, পথসভাটি জনসভায় রূপান্তর হওয়ায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তিনি ওই পদক্ষেপ নিয়েছেন। এ ক্ষেত্রে আইনের বাইরে তিনি কিছু করেননি।বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান অভিযোগ করেন, তাঁরা নির্বাচনী আচরণবিধি পুরোপুরি মেনে পথসভার আয়োজন করেন। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট একদল পুলিশ নিয়ে তাঁদের পথসভা ভেঙে দেন।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পথসভায় বিপুল লোক সমাগম হওয়ায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে মেয়র প্রার্থীকে পথসভা করতে নিষেধ করেন। একই সময় আচরণবিধি লঙ্ঘন করায় তিনজনকে আটক করা হয়। এঁদের আজ রোববার আদালতে পাঠানো হবে।