নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ দলীয় নেতাদের আটকের খবরে নোয়াখালীর সেনবাগের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপির ক্ষুব্ধ দলীয় কর্মীরা।
গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে ঢাকায় জয়নুল আবদিন ফারুকসহ দলীয় নেতাদের গ্রেপ্তারের খবর প্রচার হওয়ার পর উপজেলা সদর ও ছমির মুন্সীর হাটে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ক্ষুব্ধ কর্মীরা এ সময় ছমির মুন্সির হাট বাজারে ফেনী- নোয়াখালী মহাসড়কের পাশে দাঁড় করে রাখা একটি মালবাহী ট্রাক ছাড়াও মোটরসাইকেল ও হ্যান্ডট্রাক্টরসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে। পরে বিকেল চারটার দিকে ফারুককে ছেড়ে দেওয়ার খবর পৌঁছার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
অপরদিকে, দলীয় নেতাদের আটকের প্রতিবাদে কোম্পানীগঞ্জের বসুরহাট উত্তর বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেন ক্ষুব্ধ বিএনপির কর্মীরা। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির কর্মীরা পালিয়ে যান।
জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইকুল আহম্মেদ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল হলেও ভাঙচুরের কোনো খবর তাঁর জানা নেই। অন্যদিকে, কোম্পানীগঞ্জ থানার ওসি একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার কথা নিশ্চিত করেছেন।