নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বিএনপির চেয়ারপারসনের কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৌর বাজারের সামনে সমবেত হন। এরপর সোয়া পাঁচটার দিকে ওই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হারুনুর রশীদ আজাদ। বক্তৃতা করেন বিএনপি নেতা সহিদুল ইসলাম, আবু নাছের, ভিপি জসিম উদ্দিন, আবদুল করিম, মঞ্জুরুল মাওলা, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালানোর পাশাপাশি দলীয় ক্যাডারদেরও লেলিয়ে দিয়েছে। যার অংশ হিসেবে আওয়ামী লীগের ক্যাডাররা বিরোধীদলীয় নেত্রীর কার্যালয়ে গুলিবর্ষণ করেছে।