নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ
নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলায় হয়রানি ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে জেলা বিএনপি ওই কর্মসূচির আয়োজন করে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ১২টার দিকে শহরের পৌর বাজার থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক মিছিল বের করেন। মিছিলটি টাউন হলের মোড়ে এলে পুলিশি বাধার সম্মুখীন হয়। মিছিলকারীরা এ সময় বাধা ডিঙিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পুনরায় সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে সমাবেশ করেন।সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, সাবেক সভাপতি ফিরোজ আলম, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান প্রমুখ বক্তৃতা করেন।প্রধান অতিথির বক্তৃতায় মো. শাহজাহান বলেন, বর্তমান সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তারা নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করলেও মুক্তিযোদ্ধারা ঢাকায় সমাবেশে যোগ দিতে গিয়ে পুলিশি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এতেই বোঝা যায়, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সম্মানবোধ কতটুকু।