নোয়াখালীতে বিএনপির শোক র্যা লি ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের স্মরণে নোয়াখালী জেলা শহরে শোক র্যালি এবং সমাবেশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তারা গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার নিন্দা জানান। হতাহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জঙ্গি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করেন।
কর্মসূচি পালন উপলক্ষে গতকাল বিকেল তিনটার পর থেকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। বিকেল পাঁচটায় নেতা-কর্মীরা সেখান থেকে শোক র্যালি বের করেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরবাজার-সংলগ্ন মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম প্রমুখ।