নোয়াখালীতে বিএনপির ২৫ নেতা কর্মী কারাগারে, বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে একটি মামলায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার নোয়াখালী সদর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম জাকির হাসান এ আদেশ দেন। গত ৫ এপ্রিল জেলা শহরের মাইজদীতে একটি রেস্তোরাঁ ভাঙচুর ও বোমাবাজির ঘটনায় শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরের ছোট ভাই আবু তাহের বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন। এতে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দলীয় নেতা-কর্মীদের জামিন নামঞ্জুরের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল বের করেন এবং শহরের দত্তেরহাটে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা তিন-চারটি গাড়ি ভাঙচুর করেন। পরে সুধারাম থানা পুলিশ সেখানে গিয়ে অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন শাহজাহান ওরফে সোহাগ, আবদুর রহিম, আফজাল হোসেন ও শাহরাজ উদ্দিন। তাঁরা সবাই ছাত্র ও যুবদলের কর্মী।আদালত সূত্র জানায়, মামলার পরপরই ১ নম্বর আসামি আবদুল করিম মুক্তা গ্রেপ্তার হন। অন্যরা উচ্চ আদালত থেকে দুই মাসের জামিনে ছিলেন। গতকাল তাঁরা জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নোয়াখালী সদর আমলি আদালতের বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের বিশেষ প্রহরায় আদালত থেকে নোয়াখালী জেলা কারাগারে নেওয়া হয়।