নোয়াখালীতে বিএনপির ৮৩৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হরতাল চলাকালে ভাঙচুর-বোমাবাজি এবং বেগমগঞ্জের চৌমুহনীতে বিএনপির মিছিলে দুর্বৃত্তদের ককটেল হামলা ও পরে ভাঙচুরের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় ৮৩৬ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে ১২৬ জনের নাম উল্লেখ ও বাকি ৭১০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়।পুলিশ সূত্র জানায়, চৌমুহনীতে গত সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লার মুক্তির দাবিতে মিছিলে দুর্বৃত্তদের ককটেল হামলা ও পরে বিএনপির কর্মীদের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলার ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী একটি মামলা করেন। মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল গনিসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪৫০-৫০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়। অন্যদিকে গত মঙ্গলবার কোম্পানী-গঞ্জের বসুরহাটে হরতাল চলাকালে ১৫-২০ জন মুখোশধারী হরতাল-সমর্থকের ঝটিকা মিছিল থেকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এয়াছিন মিয়া রাতে মামলা করেন। মামলায় ১৮-দলীয় জোটের ৮২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন এবং কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।