নোয়াখালীতে বিক্ষোভ ভাঙচুর, আ.লীগের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ কেন্দ্রীয় নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল রোববার সন্ধ্যার পর নোয়াখালীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছেন দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। জানা গেছে, কেন্দ্রীয় ও জেলার নেতাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চৌমুহনী শহরের কাচারিবাড়ির মসজিদের সামনে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা দুটি গাড়ি ভাঙচুর এবং দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে বেগমগঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা সরে পড়েন। জমিদারহাটে বিএনপির কর্মীরা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মীদের ওপর হামলা চালালে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। হামলায় বিএনপির দুই কর্মী আহত হন। জমিদারহাট বড়পোলের ওপর সড়ক অবরোধ করে প্রায় ২০টি গাড়ির কাচ ভাঙচুর করেন বিএনপির কর্মীরা। একই সময় বেগমগঞ্জের একলাশপুর বাজারেও চৌমুহনী-মাইজদী সড়ক অবরোধ করেন তাঁরা।রাত পৌনে আটটার দিকে জেলা ও শহর বিএনপির নেতা-কর্মীরা শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের কলেজ গেট ও সিনেমা হল গেট থেকে মিছিল বের করে বিএনপি। এ সময় আওয়ামী লীগের কর্মীরা ধাওয়া দিলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৮-১০টি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনায় আহত হন সাত-আটজন। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই অভিযোগ করেন, তাঁদের কর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করার প্রস্তুতি নিতেই আওয়ামী লীগের কর্মীরা হামলা চালান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির কর্মীরা বাজারে ত্রাসের সৃষ্টি করেছেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ প্রথম আলোকে বলেন, বিএনপির নেতাদের কারাগারে পাঠানোর পর কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জে দলটির নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর চেষ্টা করেন। এ নিয়ে সামান্য উত্তেজনা দেখা দেয়।