নোয়াখালীতে বিজিবি মোতায়েন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্ভাব্য অবনতি ঠেকাতে নোয়াখালীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেলে বিজিবি সদস্যরা নোয়াখালী পৌঁছান। জেলার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিজিবি সদস্যরা অবস্থান করবেন।
জানতে চাইলে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। প্রয়োজন হলে তাঁরা টহলে বেরোবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
জেলার প্রধান বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনীর একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় বিজিবি সদস্যরা চৌমুহনী শহরে টহল দিতে দেখা গেছে। এ ছাড়া র্যাবের সদস্যদেরও বিকেল থেকে চৌমুহনীতে টহল দিতে দেখেছেন।