নোয়াখালীর সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠসংলগ্ন একটি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী-অভিভাবকেরা। গতকাল শনিবার সকালে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা এ সময় সোনাইমুড়ী বাইপাসে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টির মীমাংসার আশ্বাস দিলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অবরোধ তুলে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠসংলগ্ন কিছু জায়গার মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরসহ স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছিল। গত শুক্রবার মমিনুল ইসলাম বাকেরের পক্ষের লোকজন ওই জায়গাটিতে ঘর নির্মাণ করতে গেলে এ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
এর জের ধরে গতকাল শনিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের নিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় বিদ্যালয় থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা এ সময় বিদ্যালয়ের জাগা দখলের অভিযোগে আওয়ামী লীগের নেতা মমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিরোধপূর্ণ জায়গায় নির্মাণাধীন দোকানঘরে হামলার চেষ্টা চালান। এ সময় পুলিশ তাঁদের নিবৃত করে। বেলা ১১টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা সোনাইমুড়ী বাইপাসে অবস্থান নিয়ে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজুল হক অভিযোগ করেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের তাঁর ছেলে আরিফুল ইসলামসহ বিভিন্ন নামে বিদ্যালয়ের একখণ্ড জমি দখল করে ঘর নির্মাণ শুরু করে। আমরা এর প্রতিবাদ করতে গিয়ে উল্টো প্রশাসনের বাধার সন্মুখীন হই।’
তবে, মমিনুল ইসলাম বাকের অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা দখলের সঙ্গে তিনি কিংবা তাঁর পরিবারের কারও কোনো সম্পর্ক নেই। জায়গাটি জেলা পরিষদের, স্থানীয় কিছু লোক সেখান থেকে সরকারি নিয়ম অনুসরণ করেই জায়গাটি বন্দোবস্ত নিয়েছেন।
ইউএনও রহিমা খাতুন বলেন, ‘বিরোধপূর্ণ জায়গাটি জেলা পরিষদের। বেশ কিছুদিন ধরে জায়গার মালিকানা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ চলছে। আমরা আজ রোববার বসে এর মীমাংসা করে দেব।’