নোয়াখালীতে বিদ্যালয়ের ফটকে অভিভাবকদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীর চুল কেটে দেওয়া এবং অন্যজনকে অমানুষিক শাস্তি দেওয়ার অভিযোগে নোয়াখালী ব্রাদার আন্দ্রে উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। এ সময় তাঁরা প্রধান শিক্ষিকার অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। গতকাল বুধবার সকালে এসব ঘটনা ঘটে। এ কারণে গতকাল বিদ্যালয়টিতে কোনো ক্লাস হয়নি।বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গত সোমবার তাঁর ছোট বোন স্কুলে যাওয়ার সময় ভুলবশত একটি বই নেয়নি। এই অপরাধে শ্রেণিশিক্ষক তাঁকে আধা ঘণ্টা মেঝেতে বসিয়ে রেখে শাস্তি দেন। এ ঘটনায় তাঁর বোন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাঁর চাচাতো বোনও দশম শ্রেণীর ছাত্রী। ওই দিন সে (চাচাতো বোন) চুলের দুই বেণী না করা এবং সাদা ফিতা না লাগানোয় শ্রেণিশিক্ষিকা তাঁর চুলের কিছু অংশ কেটে দেন।মোস্তাফিজুর বলেন, উল্লিখিত দুই ঘটনার প্রতিকার চেয়ে তিনিসহ এলাকার অন্য অভিভাবকেরা গতকাল সকাল সাড়ে আটটার দিকে লিখিত অভিযোগ নিয়ে প্রধান শিক্ষিকার কাছে যান। কিন্তু প্রধান শিক্ষিকা তাঁদের অভিযোগ গ্রহণ কিংবা তাঁদের সঙ্গে স্কুলের বিষয়ে কোনো কথা বলতেই রাজি হননি।এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে থেকে তালা ঝুলছে। স্থানীয় লোকজন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ অভিভাবকেরা ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। শিক্ষকেরা আছেন, নাকি অন্য পথে বেরিয়ে গেছেন, তা তাঁরা জানেন না।এ সময় বাড়ি ফেরার পথে কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানায়, বিদ্যালয়ের অভিভাবকেরা নিজেরাই ঘণ্টা বাজিয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে বাড়ি যেতে বলেন। শিক্ষকেরা কিছু না বলায় তাঁরা স্কুল থেকে বেরিয়ে যান। এরপর অভিভাবকেরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জামান ফটকে তালা ঝোলানোর ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকেরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাঁর কাছেও অভিযোগ করেছেন। গতকাল উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর সুধারাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রথম আলোর পক্ষ থেকে ঘটনার পর থেকে গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েকবার প্রধান শিক্ষিকা আগ্নেশ রোজারিওর মুঠোফোনে এবং বিদ্যালয়ের বিটিসিএল ফোনে কল করলেও তিনি ধরেননি।