নোয়াখালীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে সড়কে ব্যারিকেড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা এলাকায় কবি জসীমউদ্দীন উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে ওই ইট দিয়ে সড়কে ব্যারিকেড দিয়েছেন ১৮ দলের কর্মী-সমর্থকেরা। বিএনপির নেতৃত্বাধীন এই জোটের হরতাল শুরুর প্রাক্কালে গতকাল সোমবার ভোরে হরতালের সমর্থকেরা এ ঘটনা ঘটান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তাঁর শ্বশুর পল্লীকবি জসীমউদ্দীনের নামে ১৯৮৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ, অসন্তোষ প্রকাশ করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।তবে দলের কিংবা জোটের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম। তিনি মুঠোফোনে বলেন, ‘উপজেলা সদর ও পৌর এলাকা ছাড়া গ্রামাঞ্চলে হরতালের পক্ষে আমাদের কোনো পিকেটিং থাকে না। ঘটনাটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যা হতে পারে।’বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দেখতে পান, বিদ্যালয়ের সামনে সদ্য নির্মিত প্রায় ৩৫ ফুট সীমানাপ্রাচীর ভেঙে ব্যবহূত ইটগুলো দিয়ে বসুরহাট-চাপ্রাশিরহাট সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। এ কারণে সকাল থেকে বেশ কিছু সময় ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা সড়কের ওপর থেকে ইটগুলো সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।একাধিক বাসিন্দা অভিযোগ করেন, গত কয়েকটি হরতালে কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে বিএনপি, জামায়াত-শিবির ও ১৮ দলের নেতা-কর্মীরা গাছের গুঁড়ি ও ইট ফেলে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। যার ধারাবাহিকতায় এবার তাঁরা বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে সড়কে ব্যারিকেড দিয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রায় ৩৫ ফুট সীমানাপ্রাচীর ভেঙে ইট দিয়ে সড়কে ব্যারিকেড দিয়েছে। হরতালকারীরা কিংবা অন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে কাজটি করেছে। এ ঘটনা তদন্তে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টির ইউনিয়ন নেতা, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে কিছু জানায়নি। লিখিত অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।