নোয়াখালীতে বিদ্যুৎ খুলনায় পানির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিদ্যুতের দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা গতকাল সোমবার সকালে ক্যাম্পাসে মিছিল করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সামনের মাইজদী-সুবর্ণচর সড়ক অবরোধ করেন। পানির দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের শিক্ষার্থীরা গত রোববার রাতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গতকাল সকাল নয়টার দিকে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে দেন। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেন। তাঁরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাইজদী-সুবর্ণচর সড়কে অবরোধ করে রাখেন। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানুর রহমান ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের আশ্বাসে শিক্ষার্থীরা দুপুর ১২টায় অবরোধ প্রত্যাহার করেন।বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতের সমস্যা প্রকট উল্লেখ করে উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এ ছাড়া জরুরি ভিত্তিতে জেনারেটর সংগ্রহের চেষ্টা চলছে।পানি সরবরাহের দাবিতে রোববার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক মো. সাইফুদ্দিন শাহের বাসভবন ঘেরাও করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত দুইটার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান। খানজাহান আলী হলের প্রভোস্ট মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান পানির পাম্পটি অকেজো তাই ছোট পাম্পের সাহায্যে চাহিদা সংকুলান করা সম্ভব হচ্ছে না।’ ছাত্রবিষয়ক পরিচালক মনিরুল ইসলাম বলেন, ‘পানির অভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে।’