নোয়াখালীতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিড সাবস্টেশনের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) পুড়ে যাওয়ায় নোয়াখালীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণব্যবস্থায় বিঘ্ন ঘটে। একই কারণে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সদর, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার একাংশে সংকট দেখা দেয়।

বিউবোর নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে বিউবোর নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর গ্রিড সাবস্টেশনের মাইজদী অংশে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভিএ লাইনের একটি কারেন্ট ট্রান্সফরমার (সিটি) পুড়ে যায়। এতে নোয়াখালী শহর ও আশপাশের এলাকায় বিউবোর সব লাইনে একসঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

সূত্র জানায়, এ পরিস্থিতিতে বিউবোর দত্তেরহাট সাবস্টেশন এবং লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন থেকে বিকল্প পথে বিদ্যুৎ এনে মাইজদী শহরে পালা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর এতে বিউবোর দত্তেরহাট সাবস্টেশনের আওতাধীন এলাকায় সরবরাহে ঘাটতি দেখা দেয়। এ ছাড়া সদর, সুবর্ণচর ও হাতিয়ার একাংশে পল্লী বিদ্যুতের গ্রাহকেরাও ভোগান্তিতে পড়েন। এসব এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং ছিল। এতে বিউবোর প্রায় ৪৭ হাজার আর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েন।

বিউবোর সূত্র জানায়, চৌমুহনী গ্রিড সাবস্টেশনের জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা থেকে নতুন একটি সিটি আনা
হয়েছে। রাতের মধ্যে সেটি স্থাপন সম্ভব হলে আজ বুধবার সকাল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

বিউবোর নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রিড সাবস্টেশনের সিটি পুড়ে যাওয়ার কারণে শহরে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। পরে বিকল্প লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এ কারণে শহরে লোডশেডিং বেড়ে যায়। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সিটি পুনঃস্থাপনের কাজ চলছে। রাতের মধ্যে সরবরাহ স্বাভাবিক হতে পারে।