নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মাহব্বতপুর গ্রামে জলাশয়ে মৃত মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের টানা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রী ফুফু রাশেদা আক্তার (২২) ও ভাতিজি স্কুলছাত্রী মিতুর (১২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গ্রামের ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত রাশেদা আক্তার নোয়াখালী সরকারি কলেজে স্নাতক শেষ বর্ষের ছাত্রী এবং মিতু মাহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ সময় তাদের বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার জের ধরে পল্লী বিদ্যুতের খামখেয়ালিপনার অভিযোগ এনে ক্ষুব্ধ গ্রামবাসী বেলা একটার দিকে নোয়াখালী-লক্ষ্মীপর সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম ও বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ওই বাড়ির আলমগীর হোসেনের মেয়ে মিতু ঠেলা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার চিৎকারে ফুফু রাশেদা ভাতিজিকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান। এ সময় তাদেরকে উদ্ধারে এগিয়ে গিয়ে আহত হয় একই বাড়ির বাবুলের মেয়ে রুপনাসহ আরও তিনজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার পর নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ফোন করে বিদ্যুৎলাইন বন্ধ করার জন্য অনুরোধ জানানো হলে তারা আধঘণ্টা পর লাইন বন্ধ করে। এতে আরও তিনজন আহত হয়। জানতে চাওয়া হলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের (জিএম) দায়িত্বে থাকা উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুল হোসাইন দুই ছাত্রীর মৃত্যুর কথা স্বীকার করলেও পল্লী বিদ্যুতের অবহেলার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, বিদ্যুতের পিলারের টানা তার নিয়ে টানাহেঁচড়া করতে গিয়েই ফেজ তারের সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটেছে।