নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে গতকাল শুক্রবার পল্লী বিদ্যুতের খুঁটির টানা তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছে। তারা হলো: মো. সাহাব উল্লার ছেলে একরাম হোসেন (১০) ও মো. অপি (৫)। একরাম স্থানীয় নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।স্থানীয় লোকজনের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ওই দুই ভাই বাড়ির পাশে মাছের খামারের ভেতরে কলাগাছের ভেলা নিয়ে খেলা করার সময় বৈদ্যুতিক খুঁটির টানা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।স্থানীয় সূত্র জানায়, এ সময় মাছের খামারের পানি বিদ্যুতায়িত থাকায় আশপাশের লোকজনও সেখানে নামতে পারেনি। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের খবর দিলে তাঁরা বিদ্যুতের লাইন বন্ধ করার পর নিহত শিশুদের লাশ উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান অভিযোগ করেন, ‘ওই মাছের খামারে পোঁতা বিদ্যুতের টানা তারটি বেশ কিছুদিন ধরেই বিদ্যুতায়িত ছিল। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে আজ দুটি তাজা প্রাণ ঝরে গেল।’