নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ী ও সেনবাগে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলো সেনবাগের আহম্মদপুর গ্রামের স্কুলছাত্র আরমান হোসেন (১৭) ও সোনাইমুড়ীর বানুয়াই গ্রামের মো. পারভেজ (১৪)।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সোনাইমুড়ী শহরের একটি টংঘরে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মো. পারভেজ মারা যায়। সে পৌর এলাকার বানুয়াই গ্রামের মো. বাহারের ছেলে। অন্যদিকে, দুপুরে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আরমান হোসেন পার্শ্ববর্তী বাগান থেকে একটি সুপারিগাছ কাটলে সেটি বাগানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। লাইনের ওপর থেকে গাছটি সরানোর সময় বিদ্যুতে আরমানের হাত ও শরীর পুড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনীর দাগনভূঞার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।