নোয়াখালীতে বিরোধীদলীয় চিফ হুইপের বাড়িতে চুরি
নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বাড়িতে গত সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে। হুইপের ব্যক্তিগত সহকারী সাইফুল আনোয়ার জানান, ঘটনার সময় চিফ হুইপ বাড়িতে ছিলেন না। হুইপ ও তাঁর বড় ভাইয়ের ঘর তালাবদ্ধ ছিল। রাতে দুর্বৃত্তরা তালা ভেঙে মালামাল নিয়ে যায়। পরদিন ভোরে সবাই ঘটনাটি বুঝতে পারে। সাইফুল আরও জানান, দুর্বৃত্তরা হুইপের ব্যবহূত একটি ল্যাপটপ, দুটি টেলিভিশন, ক্যাবল টেলিভিশনের দুটি রিসিভার, নগদ ৬৫ হাজার টাকা, ছয়-সাত ভরি ওজনের স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যায়। এগুলোর মূল্য প্রায় আট লাখ টাকা। জয়নাল আবদিন ফারুক দাবি করেছেন, চুরির ঘটনাটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। তিনি বলেছেন, এর আগে তাঁর বাড়িতে ডাকাতিও হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে।সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।