নোয়াখালীতে বিস্কুট কারখানায় শ্রমিকদের হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন-ভাতা নিতে আসা শ্রমিকদের ওপর হামলার জের ধরে গতকাল সোমবার নোয়াখালীর মাইজদী বাজারে আল-আমিন ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানায় ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকেরা। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা এ কথা জানান। এ ঘটনায় কমপক্ষে সাতজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে মাইজদী-ছয়ানী সড়ক অবরোধ করেন। পরে নোয়াখালী পুলিশ লাইন থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকেরা জানান, ব্যাংকঋণ ও বিভিন্ন দায়দেনায় জর্জরিত মালিকপক্ষ গত কোরবানির ঈদের পর আল-আমিন ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানায় উৎপাদন বন্ধ করে দেয়। কিন্তু তখন কারখানায় কর্মরত পাঁচ শতাধিক শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। এরপর একাধিকবার বেতন-ভাতা পরিশোধের তারিখ দেওয়া হলেও দেওয়া হয়নি। সর্বশেষ গতকাল বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল।
কয়েকজন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল নয়টার দিকে কয়েকজন শ্রমিক কারখানার ভেতরে গেলে মালিকপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে জামসেদ আলম, মো. মাসুদ, জসিম উদ্দিন, মো. ঝন্টু, হারুনুর রশীদ, নুর মোহাম্মদসহ কমপক্ষে সাতজন আহত হন। এ ঘটনায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা কারখানার সামনের মাইজদী-ছয়ানী সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। উদ্ভূত পরিস্থিতিতে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্ষুব্ধ শ্রমিক আবদুল হাই অভিযোগ করেন, ‘আমরা না খেয়ে চাকরি করেছি, মালিকপক্ষ সাত মাসের বকেয়া বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। আজ বেতন দেওয়ার কথা বলে আমাদের ডেকে এনে উল্টো সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে।’
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) চিরঞ্জিৎ দাস প্রথম আলোকে বলেন, বকেয়া বেতন-ভাতা নিয়ে মালিকপক্ষের সঙ্গে বিরোধের জের কারখানায় হামলা-ভাঙচুর চালিয়েছেন শ্রমিকেরা। শ্রমিকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কেউ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।
আল-আমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার মির্জা বলেন, ‘আমি কারখানাটি চালু করার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছি। শ্রমিকদের বলেছিলাম, একটি সপ্তাহ সময় ধৈর্য ধরতে। কিন্তু তাঁরা উত্তেজিত হয়ে ভেতরে হামলা-ভাঙচুর করেছে।’ তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।