নোয়াখালীতে বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি আহত
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মমিনের দোকান এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মনির আহম্মেদের ছেলে মো. মাহবুব (৩৮) এবং নলপুর গ্রামের সুধা মিয়ার ছেলে মো. মিলন (৩৫)। বিস্ফোরণে মাহবুবের বাঁ হাতের কবজি উড়ে যায়। এ ছাড়া দুজনের শরীর বোমার স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হয়।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি দেখে রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাত একদল লোক আহত ওই ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসে। সঙ্গে আসা লোকজন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মমিনের দোকান নামক স্থানে বোমা বিস্ফোরণে এই দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়ে চলে যান। আহত দুই ব্যক্তি অচেতন অবস্থায় থাকায় তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক চিরঞ্জিৎ দাস প্রথম আলোকে বলেন, মমিনের দোকান এলাকায় লোকজন বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে তাঁকে জানিয়েছেন। তবে ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও তদন্ত প্রয়োজন।