নোয়াখালীতে ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে আবুল বাসার (৩৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের উত্তর আলাইয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অপহূত আবুল বাসার উত্তর আলাইয়াপুর গ্রামের মো. ফয়েজ কন্ট্রাক্টরের ছেলে। অপহরণের পর লোক মারফত অপহরণকারীরা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এর আগে গত ২৯ এপ্রিল সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ওরফে আবদুলকে অপহরণ করে একদল সন্ত্রাসী। পরে বিভিন্ন মহলের চাপের মুখে সাড়ে ছয় ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
বেগমগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার কাজী এহছানুল কবির প্রথম আলোকে বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা জানার পরই অভিযান শুরু করেছি।’
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আবুল বাসার দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে তিনি মাটির ব্যবসা ও মাছের খামারের ব্যবসা শুরু করেন। গতকাল বেলা ১১টার দিকে পাঁচ-ছয়জনের একদল সন্ত্রাসী তিনটি মোটরসাইকেলযোগে এসে আবুল বাসারকে বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর বাসারের ব্যবহূত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
সূত্র জানায়, অপহরণকারী দলের মধ্যে এলাকার সন্ত্রাসী ফরহাদ, মহিন, জাঙ্কা রুবেল, ফরহাদকে স্থানীয় লোকজন চিনতে পেরেছেন। বিষয়টি থানার পুলিশকেও জানানো হয়েছে।
আবুল বাসারের বড় ভাই আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। বাড়ি থেকে তাঁর ভাইয়ের স্ত্রী ফোন করে তাঁকে ঘটনাটি জানিয়েছেন। আবুল হোসেন বলেন, তাঁদের পরিবারের কাছে সরাসরি কেউ ফোন করে মুক্তিপণ চায়নি। তবে, লোকমুখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাঁর ভাইকে মেরে ফেলা হবে বলে অপহরণকারীরা গুজব ছড়িয়েছে।